দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি আনা হবে। হাসপাতাল পরিদর্শনের সময় কিছু অনিয়ম ও ত্রুটি নজরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, “কয়েকজন চিকিৎসক সময়মতো হাসপাতালে উপস্থিত হননি। হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও সন্তোষজনক নয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়ম এবং ফলাফল স্থগিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, “গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতাও থাকে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই আমরা স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, জেনারেল হাসপাতালের পরিচালক আব্দুল মন্নান, সিভিল সার্জন এস এম কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

