শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পর মুক্তিপণ দিয়ে বুধবার সকালে মুক্তি পেয়েছেন ৫ জেলে। তবে মুক্তিপণ দিয়ে ফেরার সময় দস্যুদের মারধরে এক জেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
জেলেদের এক মহাজন রামপালের মোস্তাফিজুর রহমান জানান, গত ১৪ জুন রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার লইট্রাখালী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’। পরে জনপ্রতি ৪০ হাজার টাকা করে মোট মুক্তিপণ বিকাশের মাধ্যমে পরিশোধ করা হলে ১৭ জুন (বুধবার) সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়।
মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলেরা হলেন— বাগেরহাটের বগা এলাকার হানিফ, জাকির, শাহিন, আকুব্বর এবং রামপালের শ্রীফলতলা গ্রামের শরীফুল ইসলাম (৩০)। তাদের মধ্যে শরীফুল ইসলামকে দস্যুরা বেদম মারধর করে গুরুতর আহত করে বলে জানা গেছে। বর্তমানে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানান, গত ১৪ জুন রাতে জেলেরা দুবলারচরের লইট্রাখালী এলাকার খালে মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’ তাদের ওপর হামলা চালিয়ে ৫টি ট্রলার থেকে ৫ জন জেলেকে তুলে নিয়ে যায়।
দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লইট্রাখালী এলাকায় জেলে অপহরণের ঘটনা তারা শুনেছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ বলেন, বনদস্যুদের মারধরে এক জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর তারা পেয়েছেন।

