Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে দলীয় নেতাদেরও জেল – আইনমন্ত্রী 

এসআই মল্লিক, ঝিনাইদহ 
জুন ১৭, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ 

মাদক ও ধর্ষণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। এদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা তদবির করলে তাকেও একই মামলায় জড়িয়ে জেলে পাঠানো হবে। নিজ দলের নেতা হলেও কোনো রেহাই পাবেন না।

বুধবার (১৭ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মাদক ও ধর্ষণের বিষয়ে সরকার কোনো আপস করবে না।” তিনি সীমান্তবর্তী ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় মাদক পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ীরা এখন ড্রোন ব্যবহার করছে এবং আদালতে জামিন পাওয়ার জন্য অল্প পরিমাণ মাদক বহন করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এরা রাষ্ট্রের নীতি-নৈতিকতাকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী নয়। কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আপনি যত গোপনেই দুর্নীতি করুন না কেন, সরকারের নজরদারি এড়ানো অসম্ভব। রাষ্ট্রের এখন অনেক চোখ।” তিনি জানান, সব শূন্যপদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, কোনো রাজনৈতিক তদবির গ্রহণ করা হবে না।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন, অথচ অনেক জেলা-উপজেলা কর্মকর্তার মধ্যে অফিসে আসার অনীহা রয়েছে। তিনি কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ ও দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করে এক ছাতার নিচে সব সেবা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান।

বিগত সরকারের আমলের দুর্নীতির উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, পৌনে ৪ কিলোমিটার রাস্তার জন্য প্রথমে ৬০-৭০ কোটি, পরে ২৮০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল। দুর্নীতি শনাক্ত হওয়ায় তা স্থগিত করা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবতা যাচাই করে রাষ্ট্রের টাকা লুটপাট বন্ধ করা হচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ৬০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করে ঝিনাইদহ সারা দেশে নজির স্থাপন করেছে। এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

চলতি অর্থবছরের বাজেটকে ‘চিন্তাশীল, সুদূরপ্রসারী ও জনকল্যাণমূলক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের রাজনীতি করে বলেই এই বাজেট নিয়ে রাজপথে কোনো আন্দোলন করতে পারেনি। মদ ও সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে যারা প্রতিবাদ করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ বিভিন্ন কর্মকর্তা।

এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহ পৌরসভায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন করেন এবং বিকেলে শৈলকুপা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।