কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বুধবার (১৭ জুন) বিকেলে পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারী কচুয়া সি এস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সমীর বরণ পাইক, সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান খান শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ইজারা, আলহাজ্ব বজলুর রহমান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা ইমরান হুসাইন এবং সমাজসেবক আতাউর রহমান মন্টু।
বক্তারা বলেন, এলাকায় ঘটে যাওয়া একটি শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি সভাপতি সরদার জাহিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, সরদার জাহিদ একজন সম্মানিত ব্যক্তি এবং স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা। প্রকৃত ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে তারা প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
আয়োজকরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

