Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া বৃদ্ধির দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মাঝপথে যাত্রী নামিয়ে ভোগান্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার সিপাহীপাড়া-রিকাবী বাজার সড়কে ভাড়া বৃদ্ধির দাবিতে যাত্রীবোঝাই অটোরিকশা থামিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় মিরাপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিপাহীপাড়া থেকে রিকাবী বাজার চৌরাস্তা পর্যন্ত অটোরিকশার জনপ্রতি ভাড়া দীর্ঘদিন ধরে ১০ টাকা নির্ধারিত রয়েছে। তবে কয়েক মাস আগে চালকরা নিজ উদ্যোগে বিভিন্ন সীমানা নির্ধারণ করে দূরত্বভিত্তিক ভাড়া আদায় শুরু করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় চালকরা মিরাপাড়া মসজিদের সামনে যাত্রীবোঝাই অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন এবং অন্যান্য যানবাহনও থামিয়ে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এ ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া অযৌক্তিক এবং জনদুর্ভোগ সৃষ্টির শামিল।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ চালকদের সঙ্গে কথা বলে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং এভাবে যাত্রী নামিয়ে না দেওয়ার অনুরোধ জানান। তিনি চালকদের নিয়মতান্ত্রিকভাবে দাবি উত্থাপনের পরামর্শ দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকদের পক্ষে নেতৃত্বদানকারী ছালাম বলেন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ বেড়ে গেছে, ফলে বর্তমান ভাড়ায় চলা সম্ভব হচ্ছে না। তাদের দাবি, সিপাহীপাড়া-রিকাবী বাজার সড়কের যেকোনো স্থানে নামলেও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হোক।

অন্যদিকে একজন যাত্রী বলেন, কয়েকদিন আগেই সীমানা নির্ধারণ করে ভাড়া ঠিক করা হয়েছে। এখন আবার সর্বত্র ১০ টাকা ভাড়া চাপিয়ে দেওয়া হলে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষরা বেশি ভোগান্তিতে পড়বে।

স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। যাত্রী ও চালকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।