ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় জেলার নয়টি উপজেলার অংশগ্রহণে ১৫টি স্টলে দেশীয় বিভিন্ন জাতের ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী শনিবার (২০ জুন) পর্যন্ত মেলা চলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, দেশীয় ফল পুষ্টিগুণে ভরপুর, যা মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করানো এবং দেশীয় ফল চাষে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরই এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

