ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. আনোয়ার হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। অবসরপ্রাপ্ত এএসপি আনোয়ার হোসেন সামাজিক পরিবেশ রক্ষা এবং যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে বাঁচাতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে তিনি কয়েকজন মাদক কারবারির অপকর্মে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

