শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মকালেই সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। মধুমাস জ্যৈষ্ঠের নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর দেশীয় ফলের প্রদর্শনীর মাধ্যমে বাগেরহাটের চিতলমারীতে তিন দিনব্যাপী ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ ফল উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদাউস আনসারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফলচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়েছে। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ ফল উৎসবে বিভিন্ন স্টলে মৌসুমি ফলের প্রদর্শনী, কৃষি বিষয়ক তথ্যসেবা এবং ফল উৎপাদন প্রযুক্তি সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে।

