ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ জুন) রাতে শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সোনালী টায়ার হাউজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের শহিদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারিজ ও বিপ্লব মোটরসসহ চারটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোতে থাকা টায়ার, পরিবহন যন্ত্রাংশ ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

