ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দোকানে ঢুকে এক ব্যবসায়ী ও তার কর্মচারীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি গত ২১ জুন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন অভিযোগ করে জানান, একটি পুরোনো প্যান্ট সেলাই করে না দেওয়াকে কেন্দ্র করে “শান্ত” নামের এক কিশোর গ্যাং সদস্যের নেতৃত্বে তার দোকানে হামলা চালানো হয়। হামলায় ব্যবসায়ী ও তার কর্মচারী মারধর এবং কোপানোর শিকার হন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর থেকে হামলাকারীদের হুমকির মুখে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

