নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে আয়োজিত ইসলামী মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা আশা প্রকাশ করেছেন, এ মহাসমাবেশে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মানুষ অংশ নেবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি। লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।
এ সময় হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীনসহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ এবং ‘হেযবুত তওহীদ’-এর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দাবি, নোয়াখালী ছাড়াও ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এ সমাবেশে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি ‘হেযবুত তওহীদ’-এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান এবং ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

