মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় নতুন রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ না করেই বরাদ্দের পুরো টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া ফ্যালেঙ্গাপাড়া গ্রামে সোবহানের বাড়ি থেকে মহসিন প্রফেসরের বাড়ি অভিমুখে নতুন রাস্তা নির্মাণে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো রাস্তা নির্মাণ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ বাস্তবে না হলেও কাগজে-কলমে তা বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করা হয়েছে। ফলে সরকারি অর্থ আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।
প্রকল্পের সভাপতি (পিআইসি) মফিজুর রহমান বলেন, “প্রকল্পের বরাদ্দ বা কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু মজুরি দিয়ে আমাকে কাজ করানো হয়েছে।” প্রকল্পের বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত খাদ্য কর্মকর্তা অহিদুল ইসলাম অবগত বলে দাবি করেন তিনি।
মফিজুর রহমানের অভিযোগ, পিআইও আরিফুল ইসলামের সঙ্গে অহিদুল ইসলামের আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং তাঁদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, “রাস্তাটির কাজ এখনো করা হয়নি। বর্ষা মৌসুম শেষ হলে কাজটি করা হবে।” তবে কাজ না করেই প্রকল্পের বিল উত্তোলনের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
প্রকল্পের সভাপতি কাজ সম্পর্কে কিছু জানেন না—এমন অভিযোগের বিষয়ে পিআইও বলেন, সভাপতি কাজের বিষয়ে কিছু জানেন না এবং তাকে শুধু ‘ফরমালিটি’ হিসেবে ব্যবহার করা হয়েছে।
সরকারি অর্থের বরাদ্দ ও উত্তোলন নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র ও অর্থ ব্যবহারের বিষয়টি স্পষ্ট হবে বলে স্থানীয়রা মনে করছেন।

