Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৩ জন

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নগরীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালেও জায়গার অভাবে অনেক রোগীকে বারান্দা, মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলার অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ২৫৫ জন। ফলে একদিকে রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের পাশে দাঁড়াতে নগরীর তিনটি এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবু বক্কর খান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২ নম্বর ওয়ার্ডের রূপসা বেড়িবাঁধ এলাকার আবু মাদরাসা ও এতিমখানা এবং ৩০ নম্বর ওয়ার্ডের টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে এসব ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শুধু চিকিৎসাসেবা নয়, ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা নিয়ন্ত্রণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, জলাশয় পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণের কর্মসূচি নিয়েছে বিএনপি।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সহায়তা ও রক্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ এবং তাঁদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখার ব্যবস্থাও করা হয়েছে।

শফিকুল আলম মনা আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের আক্রান্ত প্রতিটি থানা এলাকায় কমপক্ষে ৫০ শয্যার একটি করে কেন্দ্রীয় সেবাকেন্দ্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় বড় ওয়ার্ডে ২০ শয্যার সেবাকেন্দ্র এবং ছোট দুটি ওয়ার্ড মিলিয়ে একই সক্ষমতার সেবাকেন্দ্র গড়ে তোলা হবে।

এসব সেবাকেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি রক্তের গ্রুপ ম্যাচিংয়ের সুবিধা থাকবে। ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর প্রকাশ করা হবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের দল সার্বক্ষণিকভাবে রোগী ও তাঁদের স্বজনদের সহযোগিতায় নিয়োজিত থাকবে।

উদ্যোগগুলো বাস্তবায়ন ও তদারকির জন্য খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিকেল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্বে থাকছেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সমন্বয় করবেন মাসুদ পারভেজ বাবু। সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপিকে।

এদিকে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে দ্রুত খুলনাকে মহামারি এলাকা ঘোষণা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’।

সংগঠনটির নেতারা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে শয্যা সংকট তৈরি হয়েছে। জায়গা না পেয়ে অনেক রোগীকে মেঝে, বারান্দা ও সিঁড়ির করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও রোগীর চাপ অব্যাহত রয়েছে।

রোগী ও স্বজনদের আর্থিক দুর্ভোগ কমাতে সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়তে থাকায় নগরবাসীর মধ্যেও উদ্বেগ বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামলানোর পাশাপাশি মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।