ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. ওসমান গনি, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, মুফতি মাওলানা মো. আব্দুল হাকিম এবং আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবনদর্শন ও শিক্ষা অনুসরণের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার, সততা এবং পাপাচারমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে মহানবী (সা.)-এর সুন্নাহ পূর্ণাঙ্গভাবে চর্চার মধ্য দিয়েই পবিত্র ঈদে মিলাদুন্নবীর প্রকৃত তাৎপর্য ফুটিয়ে তুলতে হবে।”
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

