নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭), একই গ্রামের মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০), খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২), বেওলা গ্রামের আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) এবং একই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)।
আদালত মো. মাসুম আকন্দকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, শ্রী উজ্জ্বল কুমারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. ফরিদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. রুবেল সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সাইফুল মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

