দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের নিজ কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মো. সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে। তিনি উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে সায়েমের কক্ষে যান। সেখানে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে তিনি বিষয়টি অন্য মুসল্লি ও স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
স্থানীয়দের দাবি, সায়েমের কক্ষে সিলিং ফ্যানের হুকের সঙ্গে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং তার গলায় ফাঁসের দাগ রয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

