দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অনিয়মতান্ত্রিক ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় দুমকি জমজম রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটিতে দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা উপেক্ষা করা হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়, অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নতুন কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়। বক্তাদের দাবি, কমিটির সভাপতি মো. জাকির হোসেন মিলন দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন এবং দলীয় মাঠপর্যায়ের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সুবিধাভোগী নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগও করা হয়।
সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধেও অতীতে জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করার ঘটনাও তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন বক্তারা।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল সম্পর্কে বলা হয়, তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে ব্যবসায় যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তার দলীয় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রমাণ নেই বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর রাজনীতিতে সক্রিয় হওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর ফলে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং তাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
তবে নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

