বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাঁর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগে মুবিন মাঝি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মুবিন মাঝি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গাড়িবহরের কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির পাশে গিয়ে সালাম দেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
মুবিনের পরিবারের একাধিক সদস্য শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর চাচা ইদ্রিস মাঝি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আরেক চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন। অপর চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রের দাবি, মুবিন মাঝি একসময় এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে দেশে ফিরে ঢাকায় সাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
আটকের পর মুবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

