জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে দুটি সার গোডাউনে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জিন্দারপুর ইউনিয়নের দুটি সার গোডাউনে মনিটরিং ও অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
অভিযানকালে ক্যাশমেমো ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় বেগুনগ্রাম এলাকার ‘ভাই ভাই স্টোর অ্যান্ড ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আবদুর রহমান আকন্দকে ১০ হাজার টাকা এবং মোলামগাড়ী বাজারের ‘সালাম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আবদুস সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দুই ডিলারকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া একই দিন উপজেলার মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন উর রশিদ ও কালাই থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন উর রশিদ বলেন, ‘আমাদের সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা অন্য কোনো অনিয়মের সঙ্গে যারা জড়িত, জনস্বার্থে তাদের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

