Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) ২০২৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উপস্থিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “কারও প্রতি বিরূপ হয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা তার ব্যক্তিগত বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। ‘ভিউ’ বাড়ানোর সাংবাদিকতা না করে আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। এতে পেশাদারিত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও লাভবান হবে।”

বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও জবাবদিহিতা প্রসঙ্গে উপাচার্য বলেন, “প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থী—আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে আগামী তিন-চার বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন দেশ ও বিশ্ববাসী একে আলাদাভাবে চিনতে পারে।”

এ সময় তিনি বিদায়ী কমিটির কাজের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান।

সদ্য বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, জাবিপ্রবিসাস নির্বাচনের নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন এবং নবনির্বাচিত সভাপতি মুসলিম ইবনে রবি।

সভাপতির বক্তব্যে মো. মিরাজুল ইসলাম তাঁর মেয়াদকালের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “দায়িত্ব পালনকালে আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি বিশ্বস্ত সেতুবন্ধন হিসেবে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নেতৃত্ব তাদের দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিক সমিতিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।”

বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন বলেন, “আমাদের এই পথচলায় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষার্থীরা যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য সবার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা পেশাদারিত্ব বজায় রেখে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রত্যাশা, নতুন কমিটি অতীতের অর্জনগুলোকে সঙ্গী করে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।”

আলোচনা পর্ব শেষে নির্বাচন কমিশন, সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী কমিটির সব সদস্যকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরী, জাবিপবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখাইরুল ইফতি ও সাখাওয়াত হোসেন জিকু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সমিতির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট জাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমস-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।