Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রকৃত তথ্য প্রকাশের দাবি

পঞ্চগড় প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের জগদল বাজারের মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভের সন্তান মৃত্যুর সঙ্গে ফার্মেসি বা সেখান থেকে দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফার্মেসির মালিক মোছা. রোকসানা আক্তার লিখিত বক্তব্যে এসব দাবি করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, জগদল বাজারে গর্ভবতী নারীদের সেবা দেওয়ার মতো কোনো নারী পল্লিচিকিৎসক না থাকায় রোকসানা আক্তার এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করেন। তিনি গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন সেবা বিনামূল্যে দিয়ে আসছিলেন। নারী হওয়ায় গ্রামের অনেক মা-বোন তাঁর কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারতেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে ফার্মেসিটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভুল ধারণার সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।

গর্ভস্থ শিশুটির মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের সম্পর্ক নেই বলেও দাবি করা হয়। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলে জানানো হয়। সেখানে শিশুর মৃত্যুর ঘটনায় ফার্মেসির মালিকের কোনো দোষ বা দায় নেই বলে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপনের পাশাপাশি ফটোকপিও সরবরাহ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একটি অ্যান্টিবায়োটিক-সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয় বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

তবে কিছু সাংবাদিক ও গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন ফার্মেসির মালিক মোছা. রোকসানা আক্তার। তিনি দাবি করেন, বিভিন্ন সংবাদে ভুল ওষুধ বা প্রেসক্রিপশনের কারণে শিশুর মৃত্যুর জন্য ফার্মেসিকে দায়ী করে মোবাইল কোর্টে জরিমানা করার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের ভুল ব্যাখ্যা ও তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও মানহানির শিকার হচ্ছে।

তারা বলেন, “আমাদের ফার্মেসি সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বের কোনো অসতর্কতার জন্য আমরা অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সংবাদ সম্মেলনে রোকসানা আক্তার তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহিম ও এনামুল হক, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সম্পাদক ও সদস্য। এ ছাড়া সাংবাদিক মাহাবুব আলম, ফেরদৌসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।