নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায়।
আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টি এলাকার আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী একই এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকার একটি ঘরে ওই নারীর সঙ্গে দেখা করতে যান জিয়াবুর রহমান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও জিয়াবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

