দিনাজপুর প্রতিনিধি
মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘Lived Experiences Heard: Real Voices, Real Change’। বাংলায় যার অর্থ, ‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন’।
আলোচনা সভায় বক্তব্য দেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ।
বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা বা উপহাস না করে তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে সহযোগিতা করতে হবে।
তাঁরা আরও বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, সমাজ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানসিক সমস্যায় থাকা ব্যক্তিদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিলে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানটি বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ল্যাম্বের (LAMB) কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের কমিউনিটি সেফটি শিল্ড (CS2) ও SAY-SRHR প্রকল্প।

