নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুব্রত কুমার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে যাওয়ার পথে বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করছিল। এ সময় ব্রিজের কাছে রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেওয়া হলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্টেশনের বুকিং সহকারী আরও জানান, নিহত নারীর সঙ্গে থাকা একটি ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সেসব কাগজপত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

