গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দেশের বাইরে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)।
তিনি বলেন, দেশের আইন অমান্য করে শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। তাঁর সুযোগ নিয়ে দেশে অবস্থানরত কিছু সন্ত্রাসী তাণ্ডব চালানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তাঁর দাবি, আওয়ামী লীগের তৎপরতা বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকেন্দ্রিক।
সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হতে চাননি। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে তাঁকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছিল। আগামী ডিসেম্বর মাসকে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক মাস ঘোষণা করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরা হবে। এ জন্য সাংগঠনিক আলোচনা ও পরামর্শ অনুযায়ী নেতাকর্মীদের কাজ করতে হবে।
দলের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী ও আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার করে জনগণের কাছে ভোট চেয়েছেন। জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দলের কেউ সন্ত্রাসে জড়ালে প্রথমে তাঁকে বুঝিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। তাতে কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন।
এ ছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

