এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন মসজিদের সামনে মহাসড়কের পাশে একটি শতবর্ষী মরা আম গাছ ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। যে কোনো সময় সামান্য ঝড় বা বাতাসেই গাছটি ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছটির ডাল-পালা দীর্ঘদিন ধরে শুকিয়ে গেছে। পোকামাকড়ে খাওয়া ও রোদ-বৃষ্টিতে ক্ষয়প্রাপ্ত গাছটির কাঠ নরম হয়ে ভেঙে পড়ছে ধীরে ধীরে। কিছুদিন আগেই একটি বড় ডাল মসজিদের সামনের সড়কে পড়ে যায়।
এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা জানান, গাছটি এখন একটি ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, মুসল্লি, মোটরসাইকেল আরোহী, অটো, ভ্যান ও ভারী যানবাহনের চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বহুবার কর্তৃপক্ষকে জানালেও এখনো পর্যন্ত গাছটি অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার জানানো হলেও কেউ ব্যবস্থা নেয়নি।”
ভ্যান চালক মাসুদ রানা বলেন, “গাছের মধ্যে দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক তার গেছে। যেকোনো সময় গাছ ভেঙে পড়ে তার ছিঁড়ে এলাকা অন্ধকারে ডুবে যেতে পারে এবং বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, “বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে। তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”
এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। গাছটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত এ মরণফাঁদ সরিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

