মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বোদা উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ।
অভিযানে দেখা যায়, বরফকল হিসেবে নিবন্ধিত দুটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নোংরা পানি, কাপড়ের রং ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমনকি মজুতকৃত আইসক্রিমে ছত্রাকের উপস্থিতিও পাওয়া যায়। ফলে ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিস এবং কাওসার কারখানা থেকে ৫০০ পিস তৈরি আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযান শেষে দুই কারখানাকে যথাক্রমে ৫০ হাজার এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তারা তাৎক্ষণিক পরিশোধ করেন এবং সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানে বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন, সেনা সদস্য এবং বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

