মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার শালবাহান রোডের মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর ইসলাম একটি ইজিবাইকে করে তেঁতুলিয়া থেকে নিজ বাড়ি নাওয়াগছ বালাবাড়ি যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, দুর্ঘটনার পরপরই দুটি ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত হাফিজুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ বালাবাড়ি গ্রামের আসব আলীর ছেলে।

