মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
“জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় জুলাই গণঅভ্যুত্থনে অংশগ্রহণকারী আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা ছাত্র প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাশী ও ফাহিম সরকার তাদের জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এবং শেষ হয় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সমাপনী বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে পাঠ করা হয় নিম্নলিখিত শপথবাক্য:
কাঠ আমাদের প্রতিজ্ঞা/অঙ্গীকার
আমি শুদ্ধচিত্তে শপথ করছি আমি…… আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি। যা শুধু একটি রাষ্টীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়বো। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে-গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকাশক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। আজ অঙ্গীকার করছি—সরকার, সমাজ, সেবা সংগঠনসমূহ থেকে শুরু করে গ্রামের পথবাসী, সুশীল সমাজ, তরুণ কৃষক, বানভাসী শিশু থেকে পাহাড়ের নারী—সকলেই যেন রাষ্ট্র। আজ শপথ করছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন এবং দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে। আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম।

