Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ফসলি জমিতে চেয়ারম্যানের মাছের ঘের তৈরির চেষ্টা, ১৪৪ ধারা জারি

 মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় কৃষকদের ফসলি জমিতে মাছের ঘের নির্মাণের চেষ্টা করায় উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে ভুক্তভোগী কৃষকরা আদালতে মামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

 

ঘটনাটি ঘটেছে ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা ও জ্বীনবাড়ি মৌজায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭৫-৮০ একর জমিতে কয়েকশ কৃষক দীর্ঘদিন ধরে ধান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযোগ উঠেছে, ওই জমির মধ্যে প্রায় ৩৫-৪০ একর জমি লিজ নিয়ে ভেকু মেশিন ও ড্রেজারের মাধ্যমে মাছের ঘের নির্মাণের চেষ্টা করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার।

 

এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকরা প্রশাসনের দ্বারস্থ হন। উপজেলা কৃষি কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং জমির শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

 

এ অবস্থায় ভুক্তভোগী হানিফ মোল্লার অভিযোগের ভিত্তিতে গত ১৮ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল নোমান ১৪৪ ধারা জারি করেন। আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডাসার থানা পুলিশকে নির্দেশ দেন।

 

কৃষক হানিফ মোল্লা অভিযোগ করে বলেন, “আমার জমিতে জোরপূর্বক মাছের ঘের নির্মাণের চেষ্টা চলছে। এতে ধান চাষ বন্ধ হয়ে গেলে আমার পরিবার না খেয়ে মরতে হবে।” স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

অভিযুক্ত চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার বলেন, তিনি কয়েকজন কৃষকের কাছ থেকে জমি ভাড়া নিয়েছেন এবং সেসব জমিতে তেমন ফসল উৎপাদন হয় না। তবে কাজ শুরু করার পর রাজনৈতিক কারণে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

ডাসার থানার এসআই সুবির চন্দ্র সূত্রধর জানান, আদালতের নির্দেশে এলাকায় ১৪৪ ধারার নোটিশ জারি করে দুই পক্ষকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফ-উল-আরেফীন বলেন, “ফসলি জমিতে মাছের ঘের নির্মাণের কোনো বিধান নেই। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।