নবধারা ডেস্ক
দেশের স্বাধীনতার জন্য ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে বিএনপি নেতা বীরমুক্তিযুদ্ধা ফজলুর রহমান প্রশ্ন করেছেন, এই দেশে তাঁর বেঁচে থাকার অধিকার আছে কি না। বিশ্বজুড়ে ঘৃণিত ‘মব জাস্টিস’ তাঁর ওপর চলতে পারে কি না। এগুলোর উত্তর যদি ‘না’ হয়, তাহলে এসবের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে গতকাল রোববার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এরপর মধ্যরাত থেকে তাঁকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একদল ব্যক্তি।
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আজ সোমবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে গিয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজের ও স্ত্রী–সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি অপমৃত্যুটা আমার কাম্য?’
মব জাস্টিস আমার ওপর চলতে পারে কি না এবং চলবে কি না, সেটা আমি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই।’
এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেও উপস্থিত ছিলেন।
সেখানে ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।আমি একজন মানুষ। আমার অধিকার আছে বেঁচে থাকার।’
এ পরিস্থিতিতে সাধারণ ডায়েরি (জিডি) করবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘জিডি করব না, মাইরা ফেললেও… জিডি–টিডি কিছুই করব না।’

