নবধারা ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে এডভোকেট ফজলুর রহমানকে জানানো হয়েছে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/ সাধারণ/ ৭৭/১৪৭/ ২০২৫) স্মারকে আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য পুনরায় ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। আপনি আজ (২৬ আগস্ট) কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।
এতে বলা হয়, এরপরও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এ চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

