মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৪০০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে মাদারীপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—ফরিদপুর কোতয়ালী থানার ওয়ারলেস পাড়া-গোয়ালচা মোড় এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে নাছিবুর রহমান নাছির (৪৭), যিনি বর্তমানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বসবাস করেন, এবং মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া পাঠককান্দি এলাকার মৃত রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মিজানুর রহমান ওরফে মেজর (৪২)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪০০ পিচ ইয়াবা, নগদ ২১ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

