অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে আট দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর বলেন,“ভূমি অধিগ্রহণে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য এই আট দফা দাবি জানাচ্ছি।”
দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. ক্ষতিগ্রস্ত পরিবারের যোগ্য সদস্যদের বিদ্যুৎ কেন্দ্রে চাকরির সুযোগ দেওয়া
২. অধিগ্রহণকৃত জমির দেড় গুণ বাজার মূল্য পরিশোধ
৩. পুনর্বাসন সুবিধা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত
৪. ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির তদন্ত
৫. দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত
৬. স্বাস্থ্য ও পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যবস্থা
৭. স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে ঠিকাদারি ও উপকারভোগী সুযোগ দেওয়া
৮. তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত জলাভূমি ও কৃষি জমির পুনর্বাসন
রবিউল আউয়াল অন্তর আরও জানান,“আমাদের দাবিগুলো আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে আমরা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালীসহ আশপাশের এলাকার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

