শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি মো. নাহিদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাবা-মা যদি তাদের সন্তানের বিষয়ে সচেতন হন তবে ওই সন্তানের লেখাপড়া অবশ্যই ভালো হওয়ার কথা । সেই সন্তানের বিপথগামী হওয়ারও সম্ভাবনা থাকেনা। সে জন্য মাঝে মধ্যে অভিভাবকরা যদি বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নেন তাহলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। এ সময় তিনি প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিয়ে শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে সবল করে তোলার উপর গুরুত্বারোপ করেন।

