অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) মিঠামইন উপজেলার ঘাগড়া নাফেউল উলুম হুসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী।
চিকিৎসা শিবিরে অংশ নেন ৭ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক, যারা প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেন।
এ সময়:৮৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা,১,০০০ জনকে ফ্রি ওষুধ এবং ২০৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
শিবির সূত্রে জানা যায়, বাছাইকৃত রোগীদের হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।
ডাস’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী বলেন,“হতদরিদ্র মানুষদের ছানি-জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে ২০১০ সালে ডাস প্রতিষ্ঠা করি। এ পর্যন্ত আমরা ৩৭,০০০ এরও বেশি ছানি অপারেশন সম্পন্ন করেছি। দেশের যে কেউ আমাদের সঙ্গে অথবা মোহাম্মদপুর দৃষ্টি চক্ষু হাসপাতাল, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল, কিংবা হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালের মাধ্যমে যোগাযোগ করলে আমরা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করব, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন,“ছানি-জনিত অন্ধত্ব প্রতিরোধে এলাকার সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।”

