নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রেজাউল করিম ঝন্টু (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতা খুন হয়েছেন। তিনি ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নারিকেল চুরি করে নিয়ে যান একই এলাকার রুবেল খান, যিনি মজিবুর খানের ছেলে। এ নিয়ে হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ করেন এবং বিষয়টি ঝন্টুকে জানান।
ঝন্টু অভিযুক্ত রুবেলকে নারিকেল ফেরত দিতে বললেও তিনি অস্বীকৃতি জানান। পরদিন সকালে ঝন্টু ঘটনাস্থলে গেলে রুবেল হঠাৎ চাকু দিয়ে তার ওপর আক্রমণ চালায়। কয়েকটি আঘাতে ঝন্টুর শরীরে গুরুতর জখম হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।”

