কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
“সেবার প্রত্যয় আমাদের মূল শক্তি, রবের ইচ্ছায় মিলবে রোগ মুক্তি” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের প্রাণকেন্দ্র হিরালাল সাহার মোড়ে উদ্বোধন করা হলো আল শিফা ইসলামী হাসপাতাল। শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। পরিচালনা করেন পরিচালক বদরুল আলম নাঈম। বক্তব্য দেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, লোহাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আল শিফা ইসলামী হাসপাতালের শেয়ারহোল্ডার, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মোবারক হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে আল শিফা ইসলামী হাসপাতাল হবে অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হাসপাতাল অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

