ফরিদপুর প্রতিনিধি
“মানবসৃষ্ট ব্যবস্থায় শান্তি আসবে না, স্রষ্টার সার্বভৌমত্বে ফিরে যেতে হবে”—এই শীর্ষক বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন হল রুমে। রবিবার সকালে আয়োজিত এ সভার আয়োজন করে হেযবুত তওহিদ ফরিদপুর জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহিদের বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।”
বক্তব্যে আরও বলা হয়, একটি আদর্শ সমাজ গঠনে প্রয়োজন মৌলিক সংস্কার। এ সংস্কারের আওতায় আনা উচিত রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দল, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নারীর মর্যাদা, সামাজিক সুরক্ষা, মন্ত্রিপরিষদ, জাতীয় নিরাপত্তা ও আনুগত্যের কাঠামো।
সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা এবং স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, বিজয় পোদ্দার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর সার্বভৌমত্বভিত্তিক জীবনব্যবস্থা প্রবর্তন সময়ের দাবি।

