সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও তার প্রাথমিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, অবৈধ নদী দখল ও দুষণ রোধ, শিক্ষা খাতের উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত শোনেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য এখানে এসেছি। সরকারি সম্পদ রক্ষা এবং নিয়ম অনুযায়ী সেবা নিশ্চিত করাই আমার মূল দায়িত্ব। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ—আমরা একসাথে কাজ করলে কালীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সম্পাদক মো. মুজিবুর রহমান, আহাম্মদ আলী, হাবিবুর রহমান লুলু, পনির খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক শাহ নেওয়াজ, আলমগীর মোল্লা, রিয়াদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
উল্লেখ্য, সাবেক ইউএনও তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করার পর ২১ আগস্ট এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ইউএনও হিসেবে যোগ দেন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং এর আগে রাজশাহী, বগুড়া, কক্সবাজার, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

