বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী প্রচারণায় গতি পেয়েছে। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় প্রথম ভোট দেবেন—ইনশাআল্লাহ। নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সমাজের একটি দুর্নীতিবাজ চক্র সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এবং মানুষ এসব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যায় ও অনিয়ায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে বাকেরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে বেকারত্ব বড় সামাজিক সংকট। যুবসমাজকে কারিগরি শিক্ষা ও বাস্তমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান (রাযী)। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামিক আন্দোলন, যা দীর্ঘদিন ধরে মানুষের মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে আসছে।
কবাই ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবুয়াল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ওয়ারী থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আব্দুল হান্নান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান। সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

