পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মূল্যের ৫টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি জানায়, সোমবার (৬ এপ্রিল) ভোররাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি গরু (২টি বলদ ও ২টি ষাঁড়) উদ্ধার করা হয়। বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
এর আগে একই দিন রাতে পৃথক আরেকটি অভিযানে বোদা উপজেলার অমরখানা এলাকার সর্দারপাড়া বিওপির টহল দল হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি-এর মধ্যবর্তী স্থান থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট ৫টি চোরাচালানকৃত গরু উদ্ধার করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

