রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বোর্ড অব ডিসিপ্লিন শিক্ষার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ, অনিয়ম ও অপরাধ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করে থাকে। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের অভিযোগ যাচাই-বাছাই করা হয়।
অভিযোগে দেখা যায়, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর কাছ থেকেই পরীক্ষার সময় অননুমোদিত উপকরণ উদ্ধার করা হয়েছে। কারও কাছে হাতে লেখা ছোট নোট, কারও কাছে চিরকুট, আবার কারও কাছে গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য সংবলিত কাগজ পাওয়া যায়।
বহিষ্কৃতদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের একই শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী রয়েছেন।
এ বিষয়ে বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তা শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”
তিনি আরও বলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হবে।

