শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ব্র্যাক বটতলা এলাকায় অবস্থিত “নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং” দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রচলিত কওমি শিক্ষার বাইরে গিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কর্মমুখী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের মতে, একজন শিক্ষার্থী শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করলেই চলবে না; বাস্তব জীবনে দক্ষ ও আত্মনির্ভরশীল হওয়াও জরুরি। সেই লক্ষ্যেই এখানে হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি চালু করা হয়েছে কম্পিউটার শিক্ষা, গার্মেন্টস প্রশিক্ষণ, গাড়ি চালনা, ইলেকট্রিক্যাল কাজ ও ওয়েলডিংসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম।
মাদরাসায় ১০ থেকে ১২ বছর বয়সী আগ্রহী শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিজস্ব কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে, ইলেকট্রিক্যাল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক নিয়মিত আসেন, আর গাড়ি চালনার জন্য মাদরাসার নিজস্ব প্রাইভেট কার ব্যবহার করা হচ্ছে। গার্মেন্টস ও ওয়েলডিং প্রশিক্ষণ পার্শ্ববর্তী কারখানার সহযোগিতায় নির্দিষ্ট সময়ে পরিচালিত হচ্ছে।
শিক্ষার পাশাপাশি মানবসেবায়ও প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা রাখছে। লিল্লাহ বোর্ডিংয়ে এতিম, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে, যা অনেক দরিদ্র পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
মাদরাসার হিফজ বিভাগেও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সহীহ তিলাওয়াত, হিফজ শিক্ষা, নৈতিকতা ও আদর্শ চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. হান্নান হোসেন সাগর বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় ও কারিগরি শিক্ষার এমন সমন্বিত উদ্যোগ এ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

