মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে একটি ইটের সলিং রাস্তা প্রধান সড়কের সঙ্গে কোনো সংযোগ ছাড়াই নির্মাণ করায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মোহনপুর–কালিবাড়ি সড়কের কাজিয়াড়া এলাকায় হাসান মাস্টারের বাড়ির পশ্চিম পাশ থেকে দক্ষিণ দিকে প্রায় ১১০ ফুট ইটের সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। তবে ওই রাস্তার কোনো প্রান্তই মূল সড়কের সঙ্গে যুক্ত নয়। ফলে রাস্তাটি জনসাধারণের কোনো কাজেই আসছে না।
এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, এডিপির অর্থায়নে নির্মিত এই প্রকল্প পরিকল্পনা ছাড়া এবং নিয়ম না মেনে বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা কাঁচা রাস্তা, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। বর্ষা মৌসুমে স্কুলগামী শিশু, রোগী পরিবহন এবং কৃষিপণ্য আনা–নেওয়ায় চরম ভোগান্তি হয়। এমন পরিস্থিতিতে কার্যকর রাস্তার প্রত্যাশা থাকলেও সংযোগহীন এই রাস্তা কোনো উপকারে আসছে না।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন ও ইসাক আলী বলেন, “আমরা ভেবেছিলাম রাস্তাটি মূল সড়কের সঙ্গে যুক্ত হবে। কিন্তু মাঝপথে এমনভাবে করা হয়েছে যে এটি কোনো কাজে আসছে না। এটি কার স্বার্থে করা হলো, বুঝতে পারছি না।”
রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক কালাম হোসেন এ বিষয়ে বলেন, “এই বিষয়ে বিস্তারিত মুক্তার ভাই ভালো বলতে পারবেন, আমরা শুধু কাজ করেছি।”
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ও ইউপি সদস্য রেজাউল গাজী এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

