দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর কলেজকে জাতীয়করণের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যরা। শনিবার (৯ মে) বেলা ১১টায় কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, বিগত সরকারের আমলে তাঁর নির্বাচনী এলাকার দুটি উপজেলা সদরে কোনো কলেজই জাতীয়করণ হয়নি। তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, তার একটি উপজেলা সদরের বাইরে অবস্থিত। দুর্গাপুর কলেজকে জাতীয়করণে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে শিক্ষকরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে তাদের প্রতিষ্ঠানটি বৈষম্যের শিকার হয়েছে। ২০১৮ সালে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা সদরের প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পায়নি বলে তারা দাবি করেন।
তাদের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের কারণে দুর্গাপুর কলেজকে জাতীয়করণ না করে উপজেলার দূরবর্তী এলাকায় অবস্থিত অন্য একটি কলেজকে জাতীয়করণ করা হয়। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে পূর্বে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হলেও তাতে কোনো ফল আসেনি বলেও জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা দুর্গাপুর কলেজকে দ্রুত জাতীয়করণের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
দুর্গাপুর কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ওসি কৃষ্ণন্দন সরকার, পৌরসভার সাবেক মেয়র ও গভর্নিং বডির সদস্য সাইদুর রহমান মন্টু, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

