Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মো. মনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন মৃধা আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মৃধার ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।

আমতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে মো. শামসুল হকের বাড়ি সংলগ্ন খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত মনোয়ার হোসেন খুরিয়ার খেয়াঘাট বাজারের খাজনা আদায়কারী হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি বিদ্যুতের মিস্ত্রীর কাজও করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মনোয়ার হোসেন মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের ধারণা, এ সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আমতলী সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান তাপস বলেন, “খুরিয়ার খেয়াঘাট হাটের ইজারাদার আমি। নিহত মনোয়ার আমার সহকারী হিসেবে খাজনা আদায় করতেন।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় জানান, “মনোয়ার হোসেন মৃধার দুই রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের মা বিউটি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মোর পোলাডারে এইরহম কোপাইয়া মাইর‌্যা হালাইছে, মুই এইয়ার বিচার চাই।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “মনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।