বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা-এ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়ন-এর হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আব্দুল হালিম হাওলাদার (৭০), তিনি একই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), তার ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেলোয়ার হোসেন ও পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের কালাম হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য আগের দিন সন্ধ্যায় সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। পরে ওই রাতেই থানায় লিখিত অভিযোগও করা হয়।
পরবর্তীতে শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি জমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

