গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদত্ত ২ হাজার ৫০০ টাকার সহায়তা প্রতিটি পরিবারের নারী সদস্যদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার বিকেলে বরিশালের উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “জাতীয় নির্বাচনের সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে অন্যতম ছিল প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে পাইলট প্রকল্পের মাধ্যমে।” তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছে। ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতার আওতায় কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গৌরনদী উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই প্রকল্প ধাপে ধাপে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

