চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট আলহাজ্ব এম.এ. হাদী কলেজে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই অনুষ্ঠানে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে এমপি আবু সাঈদ চাঁদকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। মানপত্র পাঠ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের।
শিক্ষক রোকনুজ্জামান ও নার্গিস আক্তার তহমিনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দুপুরের টিফিন ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হবে। চারঘাটে শিক্ষাসামগ্রী বিতরণসহ আগামী মাসে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, হাদী কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নজমুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

